
সিলেটের জৈন্তাপুর উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে ব্যাপক কর্মপরিকল্পনা ও দৃঢ় প্রতিশ্রুতি নিয়ে দায়িত্বভার গ্রহণ করলেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা। প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে প্রথম আনুষ্ঠানিক মতবিনিময়ে তিনি উপজেলা উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, পরিবেশ সংরক্ষণ এবং শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনকে সামনে রেখে নিজের অগ্রাধিকারগুলো স্পষ্টভাবে তুলে ধরেন।
বুধবার (৩ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নবাগত ইউএনও নিজেই। সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব, হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্পের ক্যাপ্টেন সঞ্জীব, জৈন্তাপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. উছমান গনিসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি, রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন।
সভায় ইউএনও গোলাম মোস্তফা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা উপজেলা প্রশাসনের সর্বোচ্চ লক্ষ্য।
তিনি সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার, অস্ত্র ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সমন্বিত ব্যবস্থা গ্রহণ, ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা প্রস্তুতি ও রাজনৈতিক দলগুলোর মতামতকে গুরুত্ব দেওয়ার কথা জানান।
পাহাড়, টিলা কাটা, অবৈধ পাথর, বালু উত্তোলন এবং পরিবেশ বিপন্নকারী কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার ঘোষণা দেন তিনি।
জৈন্তাপুরের প্রকৃতি আমাদের সম্পদ। তা রক্ষায় প্রশাসন আরও কঠোর হবে, বলেন ইউএনও।
অতিথিরা উপজেলা মহাসড়ক সংস্কার, যানজট নিরসন, সীমান্তে চোরাচালান রোধ, মাদক নিয়ন্ত্রণ, পর্যটন শিল্পের উন্নয়নসহ বহুমাত্রিক সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।
এ বিষয়ে ইউএনও জানান, তিনি সব প্রস্তাবনা প্রাধান্য দিয়ে সংশ্লিষ্ট দপ্তরের সাথে সমন্বয় করে দ্রুত ব্যবস্থা নেবেন।
তিনি বলেন, উপজেলা পরিষদ জনগণের জন্য উন্মুক্ত সেবা কেন্দ্র। তবে অকারণে প্রশাসনিক ভবনে ঘোরাঘুরি সীমিত করা হবে, এটি জাতীয় নির্বাচনের বিশেষ নিরাপত্তার অংশ। এ ছাড়া নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং জোরদার করার কথাও জানান তিনি।
উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, প্রকৌশলী এ কে এম রিয়াজ মাহমুদ, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. হাসিনুর রহমান, আরএমও ডা. প্রভাকর রায়, সিনিয়র মৎস্য কর্মকর্তা অলিউর রহমান, সমাজসেবা কর্মকর্তা জিলানী, একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
এছাড়া মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, শিক্ষক প্রতিনিধি খাইরুল ইসলাম, অনলাইন প্রেসক্লাব সভাপতি মইনুল মুরসালিন রুহেলসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরাও মতবিনিময়ে অংশ নেন।
সভা শেষে ইউএনও গোলাম মোস্তফা বলেন, জৈন্তাপুরকে একটি আধুনিক, উন্নত, সেবা বান্ধব ও পরিবেশসমৃদ্ধ মডেল উপজেলায় রূপান্তর করা আমার অঙ্গীকার। এই লক্ষ্য অর্জনে আমি সবার সহযোগিতা চাই।
তার দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই উন্নয়ন, নিরাপত্তা, শৃঙ্খলা ও সুশাসন নিয়ে সুস্পষ্ট দিকনির্দেশনা এবং বাস্তবভিত্তিক অঙ্গীকার স্থানীয় মহলে ইতিবাচক সাড়া ফেলেছে।