
নানান জটিলতার অবসান ঘটিয়ে দীর্ঘদিন পর সিলেট সদর উপজেলার ফড়িংউরা মৌজার বিএস রেকর্ডের চুড়ান্ত স্বত্ত্বলিপি বই সংশ্লিষ্ট তহশিল অফিসে প্রদান হলেও এখনো ভূমি অফিসে শুরু হয়নি এই মৌজার নাগরিক সেবা প্রদানের কার্যক্রম।
আর এই মৌজার সব ধরনের নাগরিক কার্যক্রম বন্ধ থাকায় সাধারণ মানুষের ভূমি ক্রয়-বিক্রয়, জমাখারিজ, হস্তান্তর, ভূমি কর পরিশোধসহ বিভিন্ন কাজে সেবাপ্রার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
জানা যায়, গত ২৮ অক্টোবর সিলেট জোনাল সেটেলমেন্ট অফিস থেকে ফরিংউরা মৌজার চুড়ান্ত স্বত্ত্বলিপি ভলিউমের বই সিলেট জেলা রেকর্ডরুমে পাঠানো হয়। পরে সেই স্বত্ত্বলিপির বইগুলো সিলেট জেলা রেকর্ডরুম থেকে গত ১৩ নভেম্বর সিলেট সদর উপজেলা ভূমি অফিস গ্রহন করে ঐ দিন সংশ্লিষ্ট বহর ইউনিয়ন তহশিল অফিসে পাঠানো হয়।
নতুন বিএস রেকর্ডের ভলিউম বই বহর ইউনিয়ন তহশিল অফিসে পাঠানোর পর থেকে ফরিংউরা মৌজার এসএ রেকর্ডের যাবতীয় কার্যক্রম বাতিল করা হয়। নতুন বিএস রেকর্ডের কার্যক্রম শুরু না হওয়ায় নাগরিকদের ভীড় তহশিল অফিসে প্রতিদিনি লেগে থাকে। যে কারণে নাগরিকদের ভোগান্তি চরমে।
ভূমির খাজনা দিতে আসা একাধিক নাগরিক জানান, বিভিন্ন সমস্যা থাকার কারনে দীর্ঘদিন থেকে আমরা খাজনা দিতে পারি নি। এ অফিসে বিএস রেকর্ডের বই এসেছে জানতে পেরে আমরা তহশিল অফিস খাজনা দিতে আসি, কিন্তু তহশিল অফিসের কর্মকর্তা জানান বিএস রেকর্ডের খাজনা এখন দেওয়া সম্ভব নয়। আরো সময় লাগবে। আমরা খাজনা দিতে না পারায় জমি বিক্রিসহ কোনো কাজ করতে পারতেছিনা। দ্রুত সময়ের মধ্যে এই মৌজার নাগরিক সেবা চালু করার দাবী জানান।
এ বিষয়ে সিলেট সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি সরকার মামুনুর রশীদ জানান, ফরিংউরা মৌজার বিএস রেকর্ডের বই আমরা গ্রহন করেছি। বিএস রেকর্ড নতুন করে অনলাইনে যুক্ত করার কাজ চলছে। এই মৌজার কার্যক্রম দ্রুত সময়ের মধ্যে শুরু করার লক্ষ্যে কাজ অব্যাহত আছে। আরো ৮ থেকে ১০ দিনের মধ্যে নাগরিক সেবা দেওয়া সম্ভব বলে তিনি আশাবাদী।