
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির সম্মানে রাষ্ট্র কর্তৃক ঘোষিত জাতীয় শোক দিবসে বানিয়াচং উপজেলা ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন না করায় উপজেলাজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) এ ঘটনায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযুক্ত ফিল্ড সুপারভাইজার ইসহাক আলীর অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে বিষয়টির দায় এড়িয়ে যাওয়ার সুযোগ উপজেলা প্রশাসনেরও নেই বলে মন্তব্য করেছেন অনেকে।
সূত্র জানায়, ফিল্ড সুপারভাইজার ইসহাক আলীর গ্রামের বাড়ি শরীয়তপুর জেলায়। প্রায় তিন বছর আগে তিনি ইসলামিক ফাউণ্ডেশন বানিয়াচং উপজেলা কার্যালয়ে যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি নিজেকে ক্ষমতাবান মনে করে ঔদ্ধত্যপূর্ণ আচরণ শুরু করেন বলে অভিযোগ ওঠে। বিশেষ করে হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে ২০২৪ সালের বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ময়েজ উদ্দিন শরীফ রুয়েল এমপি নির্বাচিত হওয়ার পর ইসহাক আলীর আচরণ আরও বেপরোয়া হয়ে ওঠে।
একাধিক অভিযোগে জানা যায়, তিনি জ্যেষ্ঠ ও যোগ্য শিক্ষকদের সঙ্গে চরম দুর্ব্যবহার করতেন। এক নির্যাতিত শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান, ফিল্ড সুপারভাইজার ইসহাক আলী প্রায়ই জামায়াত-বিএনপি ঘরানার শিক্ষকদের তালিকা করা হচ্ছে—এমন ভয় দেখিয়ে মানসিক চাপ সৃষ্টি করতেন। তিনি বলেন, “তখন চোখ বুজে সব সহ্য করেছি। ফ্যাসিস্টরা যখন পালিয়ে গেছে, তখন ইসহাক আলীর মতো আওয়ামী ফ্যাসিস্টরা কীভাবে এখনও বহাল তবিয়তে রয়েছে—সেটাই আমার প্রশ্ন।”
এ বিষয়ে সুজন বানিয়াচং উপজেলা সভাপতি দেওয়ান শুয়েব রাজা বলেন, “এই ব্যক্তি আওয়ামী লীগের দোসর। তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
বিশিষ্ট আইনজীবী শেখ শুয়াইব আহমদ বলেন, “রাষ্ট্রীয় নির্দেশ অমান্য করে জাতীয় শোক দিবসে পতাকা উত্তোলন না করা স্পষ্টভাবে প্রমাণ করে, তিনি ফ্যাসিস্টদের দোসর। অবিলম্বে তাকে অপসারণসহ শাস্তির আওতায় আনতে হবে।”
এছাড়া বানিয়াচং উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল জলিল ইউসুফী বলেন, “শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুতে ঘোষিত জাতীয় শোক দিবসে জাতীয় পতাকা উত্তোলন না করা জঘন্য ও দৃষ্টান্তমূলক অপরাধ। ফিল্ড সুপারভাইজার ইসহাক আলীকে দ্রুত অপসারণ ও শাস্তি দিতে হবে।”
এ বিষয়ে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম সাথী জানান, জেলা প্রশাসক মহোদয় ফিল্ড সুপারভাইজার ইসহাক আলীকে তলব করেছেন।