
আজমিরীগঞ্জ উপজেলায় অবৈধ চোলাই মদের বিস্তার ভয়াবহ আকার ধারণ করেছে। সহজলভ্য এই মাদকের কারণে এলাকার যুব সমাজ ধীরে ধীরে ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে বলে অভিযোগ করছেন স্থানীয়রা।
এ অবস্থায় গত শুক্রবার দিবাগত গভীর রাতে বানিয়াচুং সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট রোমানের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ১৪৫ লিটার চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হলেও কয়েকজন চিহ্নিত কারবারি পাশের নদী সাতরে পালিয়ে যেতে সক্ষম হয়।
আটককৃত ব্যক্তি হলেন উপজেলার কাকাইলছেও ইউনিয়নের সাহানগর গ্রামের মঙ্গল রবি দাসের পুত্র সুনীল রবি দাস। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় চোলাই মদের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানাগেছে।
অভিযানে উদ্ধারকৃত মাদকসহ আটককৃত ব্যক্তিকে রাতেই আজমিরীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে সচেতন মহল বলছে, উপজেলার প্রতিটি এলাকায় ইয়াবা, গাঁজা ও চোলাই মদের অবাধ বিস্তারের ফলে সামাজিক অবক্ষয়, পারিবারিক অশান্তি ও অপরাধপ্রবণতা বৃদ্ধি পাচ্ছে। এসব মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত ও সমন্বিত অভিযান জোরদারের পাশাপাশি আইনের আওতায় আনার দাবি জানান।