
সিলেটের জৈন্তাপুর উপজেলায় জেলা ট্রাফিক পুলিশের নিয়মিত চেকপোস্টে তল্লাশীকালে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই চকলেট, বিস্কুট ও মেহেদীসহ একটি হাইস মাইক্রোবাস আটক করা হয়েছে। এ সময় ২ নারীসহ মোট ৪ জনকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (২৫ জানুয়ারি) দুপুর ১টা ৩০ মিনিটে জৈন্তাপুর মডেল থানার ফটক সংলগ্ন সিলেট-তামাবিল মহাসড়কে জেলা ট্রাফিক পুলিশের একটি দল নিয়মিত চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় ট্রাফিক সার্জেন্ট দীনার আলী মুন্সির নেতৃত্বে জাফলং থেকে ছেড়ে আসা সিলেটগামী ধূসর রঙের একটি হাইস মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৯-৬৮৮১) থামিয়ে তল্লাশি করা হয়।
তল্লাশীকালে গাড়ির ভেতরে বিপুল পরিমাণ প্লাস্টিকের ব্যাগ দেখতে পেয়ে সন্দেহ হলে বিষয়টি তাৎক্ষণিকভাবে জৈন্তাপুর মডেল থানা পুলিশকে জানানো হয়। পরে মাইক্রোবাসটি থানা কম্পাউন্ডে নিয়ে গিয়ে থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের উপস্থিতিতে ব্যাগগুলো খুলে দেখা হলে সেগুলোর ভেতর থেকে ভারতীয় চোরাই চকলেট, বিস্কুট ও মেহেদী উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা সীমান্ত অতিক্রম করে শুল্ক ফাঁকি দিয়ে এসব পণ্য দেশে এনে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে স্বীকার করেন।
আটককৃতরা হলেন- ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার চৌদুয়ার উত্তরপাড়া গ্রামের মোয়েজ উদ্দিনের ছেলে মোতাহার হোসেন (৪০), কুমিল্লা জেলার দেবিদ্বার থানার ছোট শালঘর গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে রবিউল আউয়াল রুবেল (৪০), বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানার চর পশ্চিম গ্রামের মোঃ সালাম কবিরের স্ত্রী মমতাজ বেগম রত্না (৪৬) এবং ডিএমপি ঢাকার দক্ষিণখান থানার মোবারক হোসেনের স্ত্রী আনিছা রুমা (৩২)।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটক চারজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার তাদের আদালতে সোপর্দ করা হবে।