
সিলেটের জৈন্তাপুরে নীল নদ খ্যাত সারী নদীতে চোরাবালিতে আটকা পড়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিহত যুবক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর আনুমানিক ১টার দিকে জৈন্তাপুর উপজেলার নীল নদ খ্যাত সারী নদীর সাহেবমারা ড্রয়ার নামক স্থানে গোসল করতে নেমে চোরাবালিতে তলিয়ে যান মোহাম্মদ মুসআব আমীন (২৮)। তিনি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২০২২-২০২৩ সেশনের শিক্ষার্থী।
নিখোঁজের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে জৈন্তাপুর উপজেলা ফায়ার সার্ভিস ও জৈন্তাপুর মডেল থানা পুলিশের দুটি টিম উদ্ধার অভিযান শুরু করে। প্রায় তিন ঘণ্টার তল্লাশির পর বিকাল আনুমানিক ৪টার দিকে নদী থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।
নিহত মুসআব আমীন গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সকিপুর গ্রামের মো. শহিদুর রহমানের ছেলে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহবুবুর রহমান মোল্লা জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেন। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহটি ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।