
সিলেটের জৈন্তাপুর উপজেলায় পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের বিশেষ অভিযানে প্রায় ২ লক্ষ ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়েছে। জব্দকৃত বালু উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি জৈন্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেবের নেতৃত্বে জৈন্তাপুর ইউনিয়নের ডুলটিরপাড়, বাওনহাওর, চাতলারপাড় ও শেওলারটুক এলাকায় অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি চক্র বোমা মেশিন ব্যবহার করে সবুড়ী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিভিন্ন স্থানে মজুত করছিল।
অভিযানকালে সরেজমিনে ২০টি স্থান থেকে প্রায় ২ লক্ষ ঘনফুট বালু জব্দ করা হয়। অভিযানের খবর পেয়ে বালু উত্তোলনকারী চক্রের সদস্যরা বোমা মেশিন সরিয়ে নিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব জানান, পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ বালু জব্দ করা হয়েছে। জব্দকৃত বালু আগামী ২ ফেব্রুয়ারি বিকাল ৫টায় উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। অবৈধ বালু উত্তোলন রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।
স্থানীয় সচেতন মহল উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, অবৈধ বালু উত্তোলনের ফলে নদী ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। নিয়মিত অভিযান অব্যাহত থাকলে পরিবেশ সুরক্ষা ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষা সম্ভব হবে।