
ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরের তালেরতল নামক স্থানে এক পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই বাইক আরোহী যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মাসুম আহমদ (২১)। সে উপজেলার তাজপুর ইউনিয়নের দুরাজপুর গ্রামের হিরন মিয়ার ছেলে। ৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল আরোহী মাসুম তাজপুর বাজার থেকে গোয়ালাবাজারে যাওয়ার পথে রাস্তায় এক পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ও শেরপুর হাইওয়ে থানা পুলিশ এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান। এ ঘটনায় নিহতের পরিবার সহ তার স্বজনদের মাঝে শোক বিরাজ করছে।
ওসমানীনগর থানার অফিসার্স ইনচার্জ মো. মোরশেদুল হাসান ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।