
জকিগঞ্জ সংবাদদাতা।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জকিগঞ্জ উপজেলা শহীদ মিনারে পুষ্প অর্পণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি (শনিবার) রাত ১২:০১ মিনিটে শুরু হওয়া এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন জকিগঞ্জ উপজেলা পরিষদ, জকিগঞ্জ থানা, পৌরসভা, মুক্তিযুদ্ধা সংসদ, কাস্টমস অফিস, জকিগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, কৃষক দল, ছাত্রদল, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ, জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদসহ বিভিন্ন সরকারি ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
পুষ্প অর্পণ শেষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একযোগে শহীদ মিনারে মোনাজাত অনুষ্ঠিত হয়। উপস্থিত সকল নেতৃবৃন্দ শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করেন।
বক্তারা ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের স্মৃতিকে অম্লান রাখার শপথ নেন এবং ভাষা আন্দোলনের গুরুত্ব, মাতৃভাষার প্রতি শ্রদ্ধা এবং দেশের উন্নয়নে শহীদদের অবদানের কথা তুলে ধরেন।
এছাড়া, সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে একটি আলোচনা সভা, যেখানে ভাষা আন্দোলন এবং শহীদদের অবদান নিয়ে আলোচনা করা হবে। সূর্যোদয়ের সাথে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং বাদ আছর মসজিদ ও মন্দিরে দোয়া মাহফিল ও প্রার্থনা আয়োজন করা হবে।
এভাবে, জকিগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে।