
দেশে এই মুহূর্তে কোনো দ্রব্যমূল্য বৃদ্ধির শঙ্কা নেই বলে জানিয়েছেন বস্ত্র ও পাট, শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের এম এ রুপ জুনিয়র স্কুল মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধনী অনুষ্ঠান শেষে এসব কথা বলেন মন্ত্রী। তবে, ইরান-ইসরায়েল যুদ্ধে বাণিজ্যে কিছুটা প্রভাব পড়বে জানিয়ে মন্ত্রী বলেন, সাগরপথ যদি দীর্ঘদিন বন্ধ থাকে তাহলে নৌপথে পরিবহন খরচ বাড়বেই।
মন্ত্রী বলেন, আওয়ামী লীগের সময় দীর্ঘদিন বিনিয়োগে বন্ধ্যাত্ব ছিল। বিনিয়োগ না হলে কর্মসংস্থান হয় না। ফলে মানুষের ক্রয়ক্ষমতা না থাকলে দারিদ্র্যতা বাড়ে। আমরা বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে কাজ করছি।
তিনি বলেন, ফ্যামিলি কার্ড ছিল বিএনপি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকার। তিনি এটির জন্য খুবই আন্তরিক ছিলেন। ইচ্ছা করলে এই কার্ড চার বছরের মাথায় দেওয়া যেত। কিন্তু সরকার গঠনের ২১তম দিনে দেশের ১০টি প্রত্যন্ত অঞ্চলে ফ্যামিলি কার্ড দিয়ে তিনি প্রমাণ করেছেন তিনি নির্বাচনি অঙ্গীকার পূরণে কতটুকু দৃঢ়প্রতিজ্ঞ। ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে হাসিমুখ ও সচ্ছলতা দেখতে।
এ সময় সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ‘হাওরবন্ধুখ্যাত’ কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমদ, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন, সুনামগঞ্জের ডিসি ড. মোহাম্মদ ইলিয়াস মিয়াসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জেলার ১২ উপজেলার মধ্যে শুধু দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আকিল শাহ, রাধানগর ও উত্তর সূরিয়ারপাড় গ্রামের ৬৯৭ জন নারীর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।