
আজমিরীগঞ্জ উপজেলায় ছামিরুন হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষোভে ফুঁসছে স্থানীয় জনসাধারণ। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন গ্রামবাসী।
রবিবার (৫ এপ্রিল) বিকালে উপজেলার বদলপুর ইউনিয়নের পিঠুয়াকান্দি গ্রামে গ্রামবাসীর উর্দ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে গ্রামের কয়েক শতাধিক নারী-পুরুষ অংশ নেন। তারা হত্যাকাণ্ডের সাথে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের দাবি জানান।
বিক্ষোভকারীরা বলেন, ছামিরুন হত্যার ঘটনার পর থেকে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এখনো পর্যন্ত মূল অপরাধীরা গ্রেফতার না হওয়ায় ক্ষোভ আরও বাড়ছে। দ্রুত গ্রেফতার না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।
এর আগে একই দাবিতে গ্রামবাসীর উদ্যোগে একটি প্রতিবাদ সভাও অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা বলেন, এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রশাসনের দ্রুত পদক্ষেপই পারে এলাকার মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনতে।
স্থানীয় সচেতন মহল মনে করেন, ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের দ্রুত গ্রেফতার করা না হলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।