
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে সিলেটের জৈন্তাপুর উপজেলায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শাহাদাৎ বরণকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা সদরের বাসস্ট্যান্ড সংলগ্ন শহীদ স্মৃতিস্তম্ভে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা।
এর আগে দিবসের সূচনায় জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি চৌকস দল ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শহীদদের স্মরণ করে। পরে পর্যায়ক্রমে জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, জৈন্তাপুর মডেল থানা, উপজেলা আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, জৈন্তাপুর বিদ্যুৎ সরবরাহ পিডিপি এবং পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পক্ষ থেকে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিজ পলি রানী দেব, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার জোসেফ মঞ্জুর চৌধুরী, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা, তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডা. এন ইসলাম মোহাম্মদ ফারুক, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ন দিলদার, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এ কে এম রিয়াজ মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন কান্তি রায়, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ জিলানী, বিয়াম ডা. কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা বিজন দত্ত, ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আবুল হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।