
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৩২ হাজার শলাকা বিদেশি সিগারেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জাহাঙ্গীর হোসেন (৪৪) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে সিগারেট পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কালাপুর ইউনিয়নের নারায়ণছড়া মাইজদিহি চা বাগান এলাকায় অভিযান চালিয়ে এসব সিগারেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি করা হলে গাড়িতে থাকা জাহাঙ্গীর হোসেন পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ তাকে আটক করে।
তল্লাশিতে গাড়ি থেকে ORIS ব্র্যান্ডের ৮ কার্টন বিদেশি সিগারেট পাওয়া যায়। এসব কার্টনে মোট ৩২ হাজার শলাকা সিগারেট ছিল। একই সঙ্গে ঢাকা মেট্রো-গ-১২-৭৭৭৭ নম্বরের প্রাইভেটকারটি জব্দ করা হয়।
পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর হোসেন শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে এসব সিগারেট আনার কথা স্বীকার করেছেন।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।
চোরাচালানের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে পুলিশ তদন্ত করছে।