
সিলেটের দক্ষিণ সুরমায় বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় চারজন আহত হয়েছেন।
শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে দক্ষিণ সুরমার লালারগাঁওয়ে সিলেট-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ইসলামপুর (আল-হানাবাদ) গ্রামের আনজব উল্লাহ’র ছেলে রুহুল আমিন (২৬) ও একই উপজেলার ববানিপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আব্দুল মুকিত (৪০)।
নিহত রুহুল আমিনের মামা জানান, শনিবার সন্ধ্যার পর তিনি ও তার ভাগনাসহ এলাকার কয়েকজনের সিলেট কিনব্রিজের দক্ষিণ মুখে দেখা হয়। এসময় তারা ৫জন একটি অটোরিকশা ভাড়া করে জগন্নাথপুর যাওয়ার জন্য রওয়ানা দেন। তাদের গাড়িটি দক্ষিণ সুরমার লালাবাজার এলাকার লালারগাঁও এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তার ভাগনা রুহুল আমিন ও আব্দুল মুকিত মারা যান।