
সিলেট জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) সুবর্ণা সরকার। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুর ১২টায় পরিদর্শন করেন সারীঘাট উচ্চ বিদ্যালয়। তাঁর সঙ্গে ছিলেন জৈন্তাপুর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জর্জ মিত্র চাকমা।
শিক্ষা ব্যবস্থার গুণগত মান উন্নয়ন এবং বিদ্যালয়ের সার্বিক অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে এই গুরুত্বপূর্ণ পরিদর্শন অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের পরিবেশ, পাঠদানের মান, শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক, অবকাঠামোগত অবস্থা এবং প্রশাসনিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন কর্মকর্তারা।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আজিজুল হক খোকন এবং বিদ্যালয় পরিচালনা পর্ষদের (এডহক কমিটি) সদস্য জনাব তোফায়েল আহমেদ।
উপপরিচালক সুবর্ণা সরকার বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। তিনি শিক্ষার মানোন্নয়নে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান এবং বিদ্যালয়ের সম্ভাবনা ও চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে তা সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার জর্জ মিত্র চাকমা বলেন, “সারীঘাট উচ্চ বিদ্যালয়কে একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।”
স্থানীয় অভিভাবক ও শিক্ষানুরাগীরা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন তদারকিতে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ হবে।