
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি এবং আওয়ামী ফ্যাসিবাদের পতনের দিনকে স্মরণ করে সিলেটের জৈন্তাপুর উপজেলায় বর্ণাঢ্য বিজয় র্যালি ও পথসভা আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৩টায় উপজেলার ১ নম্বর নিজপাট ইউনিয়ন পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলা সদর প্রদক্ষিণ করে ঐতিহাসিক বটতলায় গিয়ে পথসভায় রূপ নেয়। র্যালিতে দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং স্লোগানে গোটা এলাকা ছিল উৎসবমুখর।
পথসভায় সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস শুক্কুর এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক আন্দোলনের মাধ্যমে একদলীয় শাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্র ও জনগণের বিজয় প্রতিষ্ঠিত হয়েছিল। সেই স্মরণীয় দিনকে ধারণ করতেই আজকের এই আয়োজন।”
তিনি আরও বলেন, এই বিজয়ের ধারা অব্যাহত রাখতে হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থেকে দলীয় শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতা জোরদার করতে হবে।
পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক ও নিজপাট ইউপি চেয়ারম্যান ইন্তাজ আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক ও দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, উপজেলা কৃষক দলের আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান এবিএম জাকারিয়া এবং জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন বিলাল।
এছাড়াও সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল আহমেদ, সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আবুল হাসিম, সহ-সাংগঠনিক সম্পাদক জামিল আহমেদ, এ্যাডভোকেট নিজাম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ শাহজাহান, সদস্য সচিব আব্দুল্লাহ ইলিয়াছসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী।
সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে র্যালি ও পথসভা সম্পন্ন হওয়ায় স্থানীয় প্রশাসন ও গণমাধ্যম কর্মীদের মধ্যেও সন্তোষ প্রকাশ লক্ষ্য করা গেছে।