
দীর্ঘ দেড়যুগ প্রতিক্ষার পর অবশেষে আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে দেশের সর্ববৃহৎ রাজস্ব আয়ের ভান্ডারখ্যাত সুনামগঞ্জের তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচন। তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়ছে জেলাজুড়ে। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মেসার্স মোস্তাক এন্ড ব্রাদার্স-এর স্বত্বাধিকারী মোস্তাক আহমেদ। সফল এই ব্যবসায়ী পরপর ৪ বার সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ করদাতা হিসেবে সম্মাননা অর্জন করেছেন। ব্যবসায়িক অঙ্গনে বিনয়ী, নিরহংকার ব্যক্তি হিসেবে পরিচিত মোস্তাক আহমেদ সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন সম্প্রতি।
নির্বাচনে প্রার্থীর বিষয়ে জানতে চাইলে মোস্তাক আহমেদ বলেন, ব্যবসায়ী সংগঠন কেবল পদ-পদবির বিষয় নয়, বরং এটি ব্যবসায়ীদের অধিকার রক্ষা,পারস্পরিক সহযোগিতা,ঐক্য ও কল্যাণে কাজ করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হলে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, সংগঠনের কার্যক্রম গতিশীল করাসহ ব্যবসায়ীদের মধ্যে ঐক্য-সম্প্রীতি সুদৃঢ় করতে আন্তরিকভাবে কাজ করব বলে জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ অধীন (বড়ছড়া-চারাগাঁও, বাগলী) শুল্কস্টেশন থেকে প্রতিবছর হাজার কোটি টাকার উপরে রাজস্ব পায় সরকার। অপরদিকে শুল্কস্টেশন কেন্দ্র করে অর্ধ সহস্রাধিক শ্রমিকের কর্মসংস্থানের সুবিধা তৈরি হয়েছে।