
ফিরোজপুর জেলায় এক বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের জেল রোড এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে আলফাত স্কয়ারে এসে সমাবেশ মিলিত হন বীর মুক্তিযোদ্ধাগন। জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক হাজী নুরুল মোমেন কর্মসূচিতে সভাপতিত্ব করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা শ্যামল বরণ আচার্য, সুনামগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক কমান্ডার আব্দুল মজিদ, সদস্য সচিব প্রভাত রঞ্জন তালুকদার, জগন্নাথপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডর শাহ সিরাজ কুতুবী, জামালগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কাদির, দিরাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার উমুদ রঞ্জন দাস, বিশ্বম্ভরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ জসিম উদ্দিন এবং শান্তিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমানসহ বিভিন্ন উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ড এর আহ্বায়ক হাজী নুরুল মোমেন, তাহিরপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, দোয়ারাবাজার উপজেলার বীর মুক্তিযোদ্ধা সফর আলী, ছাতক উপজেলার বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়া, তাহিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান আশরাফুল ইসলাম রাজু প্রমুখ।
বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া বীর মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। একজন বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বক্তাগন।